সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ আজ
ছবি: সংগৃহীত
১০:২৮ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
শতাধিক গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে তিনজনকে হত্যা। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদীর মোহনায় ৫০ জনকে হত্যা করা হয়। এছাড়া তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন।
এসব হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
এসএস/এসএন