মান্না বেঁচে থাকলে শাকিব আজ এত উঁচুতে উঠতে পারতেন না: সোহেল রানা
ছবি: সংগৃহীত
০২:৪৭ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলা চলচ্চিত্রে নায়ক মান্না ও শাকিব খানের অবস্থান নিয়ে নতুন করে মন্তব্য করেছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। মান্না বেঁচে থাকলে শাকিব এতটা ওপরে উঠতে পারতো না বলে মতামত ব্যক্ত করেন ঢালিউডের এই কিংবদন্তি অভিনেতা।
সম্প্রতি একটি পডকাস্টে ওরা ১১জন খ্যাত নায়ক-প্রযোজক সোহেল রানা মন্তব্য করেন, মান্না যখন ছিলেন তখন দর্শকরা শুধু মান্নার কথাই বলতেন। এখন শাকিবের কাছে কেউ নেই, সে আনপ্যারালাল। তবে মান্না বেঁচে থাকলে শাকিব এতটা ওপরে উঠতে পারতো না।
মান্না প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘মান্না যখন যেখানে প্রযোজন সেখানেই তার চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করেছে। যে চরিত্রে লাউড অভিনয় করা সেখানে তাই করেছে, ড্রামা যেমন তাই করেছে। মান্না বুঝতো অভিনয়টা কেমন করে করতে হয়, সেটা সে করতো। দর্শকরা যখন এক প্যাকেজেই সব পেতে থাকলো তখন মান্নাকে কিন্তু দর্শকরাই একটা অবস্থানে নিয়ে যান। মান্নার সময়কার অন্য যারা তারকা ছিল তার কাছাকাছি কিন্তু ছিল না।’
সোহেল রানা আরও বলেন, ‘মান্না কিন্তু তার নিজস্ব ভাষায় কথা বলতো। টাঙাইলের যে ভাষা সেই ভাষায় সংলাপ বলেই কিন্তু একটা জায়গা তৈরি করলো। দর্শকরা তার সেই ভাষাকে গ্রহণ করলো। এখন আমার কথা আমি যদি বলি, আমি শুদ্ধ ভাষায় কথা বলি। আমি যদি বরিশালের ভাষায় কথা বলি সেটা কিন্তু পারবো না। অর্থাৎ তা আমি বলতে পারবো না। কিন্তু মান্না তার নিজস্ব স্টাইল, ভাষা ব্যবহার করেই জনপ্রিয় হয়েছিলো।’
দেশীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কদের তালিকায় মান্না ছিলেন এক উজ্জ্বল নাম। নব্বই দশক থেকে দুই হাজার পরবর্তী কয়েকবছর পর্যন্ত টানা বক্স অফিস মাতিয়েছেন তিনি।
অন্যদিকে, মান্নার মৃত্যুর পরপরই চলচ্চিত্রে একক আধিপত্য গড়ে তোলেন শাকিব খান। দীর্ঘ দেড় দশক ধরে বাণিজ্যিক সিনেমার প্রধান তারকা হিসেবে শীর্ষে রয়েছেন তিনি।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এ মন্তব্য শুধু ব্যক্তিগত ভাবনা নয়, বরং ইন্ডাস্ট্রির পরিবর্তন, কনটেন্ট সংকট ও দর্শক রুচির বদলের বহুমুখী বাস্তবতা জড়িয়ে আছে এতে। অনেকে মনে করেন, মান্না থাকলেও নিজের যোগ্যতা, পরিশ্রম ও ধারাবাহিকতার কারণে শাকিব খান নিজস্ব অবস্থান তৈরি করতেন। আবার অন্য এক পক্ষ যুক্তি দিচ্ছে মান্নার জনপ্রিয়তা ও প্রযোজনা শক্তি থাকলে ইন্ডাস্ট্রির ভারসাম্য অন্য রকম হতো।
তবে এসব বিতর্কের বাইরে চলচ্চিত্রপ্রেমীদের আবেগী প্রতিক্রিয়া বড় হয়ে উঠছে। মান্নার নাম আসলেই দর্শকের মনে দোলা লাগে, আর শাকিব খানকে ঘিরে থাকে প্রত্যাশা ও সমালোচনার মিশেল। দুই তারকাই নিজেদের সময়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়েছেন-এমন মতও জানিয়েছেন অনেকেই।
বিতর্ক যাই হোক, দেশের বাণিজ্যিক চলচ্চিত্রে মান্না ও শাকিব খান। এ দুই নামের ওজন এখনও সমানভাবেই আলোচনায় থাকে। দুজনকে ঘিরে দর্শক-সমালোচকদের এই তুলনা যেন থামার নয়।

বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। সিনেমাটির শুটিং হওয়ার কথা ছিল ভারতে কিন্তু ভিসা জটিলতায় সেই সিদ্ধান্ত বদলে শ্রীলঙ্কায় গিয়ে কিছু অংশের দৃশ্যধারণ করা হয়। অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
পিআর/এসএন