নির্বাচনে সংখ্যালঘুদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিতের দাবি সিটিজেন ফর হিউম্যান রাইটসের
ছবি: সংগৃহীত
০৩:৫৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগে সমনির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সিটিজেন ফর হিউম্যান রাইটস।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, ব্লাস্টের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মাহবুবা আক্তার প্রমুখ।
লিখিত বক্তব্যে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, প্রত্যেকটি জাতীয় নির্বাচনের পূর্বে বা পরে সংখ্যালঘু জনপদের নাগরিকদের আতঙ্ক চরম সত্যে পরিণত হচ্ছে। এই সত্য একদিকে মুক্তিযুদ্ধের মৌলচেতনা এবং অন্যদিকে অসাম্প্রদায়িক ও সব নাগরিকের বাংলাদেশ নির্মাণের লড়াইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মের অনুসারীদের উপর বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটছে।
সংবাদ সম্মেলনে যেসব দাবি উপস্থাপন করা হয় সেগুলো হলো-
১. ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত নির্বাচনী এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিশেষ কার্যকরী উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা এবং এ বিষয়টি নিয়মিত তদারকির জন্য উচ্চপর্যায়ের একটি বিশেষ কেন্দ্রীয় প্রশাসনিক সেল গঠন করা।
২. রাউজান ও মিরসরাইসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর সংঘটিত সব ধরনের সহিংসতার তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
৩. ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
৪. ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মানসিক আঘাত দূরীকরণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
৫. নবগঠিত মানবাধিকার কমিশন যেন এ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে নজরদারিতে রাখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
এবি/টিএ