© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত দেশকে মধ্যযুগীয় চিন্তাধারার দিকে ঠেলে দিতে চায় : ফজলুর রহমান

শেয়ার করুন:
জামায়াত দেশকে মধ্যযুগীয় চিন্তাধারার দিকে ঠেলে দিতে চায় : ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৯ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী বাংলাদেশকে মধ্যযুগীয় চিন্তাধারার দিকে ঠেলে দিতে চায়। তিনি দাবি করেন, বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, তা স্বাধীন বাংলাদেশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিঠামইন বাজারের বালুর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফজলুর রহমান বলেন, নারীদের কর্মজীবন ও আধুনিক পেশার বিরুদ্ধে জামায়াত নেতাদের বক্তব্য প্রমাণ করে, তারা বিজ্ঞান, শিক্ষা ও বাস্তবতাকে অস্বীকার করে।

তিনি প্রশ্ন তুলে বলেন, চিকিৎসার প্রয়োজন হলে মানুষ কেন ডাক্তারের কাছে যায়-মৌলভির কাছে যায় না? জামায়াতের ধর্মীয় রাজনীতিকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে ফজলুর রহমান বলেন, ধর্মের নামে ভোট চাইতে গিয়ে কেউ বেহেশতের টিকিট বা হজে পাঠানোর প্রলোভন দেখালে তা শিরকের শামিল। এসব মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত ও তাদের সহযোগীরা গণহত্যা, নির্যাতন ও দেশ ধ্বংসের সঙ্গে যুক্ত ছিল। তিনি দাবি করেন, এই শক্তির কারণেই তখন সাধারণ মানুষ নিরাপদ ছিল না এবং আজও তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলেই এ দেশের সংস্কৃতি ও পরিচয়।

আগামী নির্বাচনের প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, জনগণ সজাগ থাকলে ভোট লুট সম্ভব নয়। ভোটকেন্দ্রে সকাল থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফলাফল বুঝে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না।

কোনো অনিয়ম হলে প্রতিবাদ করার কথাও বলেন তিনি। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে জনসভায় বক্তব‌্য দেন ফজলুর রহমানের সহধর্মিণী অ‌্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, ভিপি বাহার মিয়া, মিঠামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক অ‌্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল প্রমুখ। 

আইকে/টিএ

মন্তব্য করুন