ধানের শীষের জয়জয়কার দেখে একটি দল গভীর ষড়যন্ত্রে নেমেছে: আবুল কালাম
ছবি: সংগৃহীত
০৬:১৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও উপজেলা সভাপতি মো. আবুল কালাম বলেছেন, ‘ধানের শীষ প্রতীকের জয়জয়কার দেখে একটি দল দিশাহারা হয়ে গভীর ষড়যন্ত্রে নেমেছে। ওই গোষ্ঠী যতই ইসলামের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করুক, মানুষ তাদের ক্ষমতার যাওয়ার লোভ এবং ষড়যন্ত্র বুঝে গেছে। এ দেশের সাধারণ মানুষ তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা প্রস্তুত।’
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে ওই দলের মুখোশ উন্মোচন করে সব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবে। ধানের শীষ প্রতীক বিজয়ী হয়ে বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে ঈর্ষান্বিত কাজ করেছে।’
তিনি বলেন, ‘চলমান নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারীরা অতীতেও নানা ষড়যন্ত্রে মেতে ছিল।
কিন্তু কোনোভাবেই বিএনপিকে দাবিয়ে রাখতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে ধানের শীষের বিজয় হয়েছে। এবারের নির্বাচনেও সব ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘ওই দলটি নির্বাচনে সূক্ষ্ম কারচুপির লক্ষ্যে ভোটার সিল, ব্যালট ছাপানোসহ নানা কৌশল অবলম্বন করেছে।
যা ইতোমধ্যে বিভিন্ন স্থানে ধরা পড়েছে। কুমিল্লা-৯ আসনে এসব সূক্ষ্ম কারচুপির অপচেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরোধীতা করেছিল, মু্ক্তিকামী মানুষদের অকাতরে হত্যা করেছিলো, সম্ভ্রম কেড়ে নিয়েছিলো মা-বোনদের তারা এখন এদেশের জনগণের কাছে কোন লজ্জায় ভোট চায়? ভোট চাইতে আসলে আপনারা তাদের প্রশ্ন করবেন, ৭১ সালে তোমাদের ভূমিকা কি ছিলো?’
তিনি আরো বলেন, ‘ধানের শীষ বিএনপির প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এদেশের জনগণের প্রতীক।’
তাই আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য পথসভায় উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পথসভায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোকর আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, বিএনপি বিএনপি নেতা ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকসহ প্রমুখ।
এসকে/টিএ