© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ভোট মানে ধোবাউড়ার মুক্তি: এমরান সালেহ প্রিন্স

শেয়ার করুন:
এবার ভোট মানে ধোবাউড়ার মুক্তি: এমরান সালেহ প্রিন্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এবারের নির্বাচন শুধু এমরান সালেহ প্রিন্সকে জেতানোর নির্বাচন নয়- এটি ভোটাধিকার, গণতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার নির্বাচন। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় ধোবাউড়ার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান প্রিন্স।

সমাবেশে তিনি বলেন, আজকের এই শেষ সমাবেশ ধোবাউড়ার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। বহু বছর ধরে এই জনপদ অবহেলা, বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে। কিন্তু এবার ধোবাউড়ার মানুষ আর নীরব থাকবে না- ধানের শীষে ভোট দিয়ে তারা নিজেদের অধিকার আদায় করবে।

এমরান সালেহ প্রিন্স অঙ্গীকার করে বলেন, আমি নির্বাচিত হলে ধোবাউড়ায় মিল- কল ও কারখানা স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধি, হাওর ও সীমান্ত এলাকার উন্নয়ন, এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তোলা হবে। দীর্ঘদিনের দাবির বাস্তবতায় ধোবাউড়া পৌরসভা গঠন করে নাগরিক সুযোগ- সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের দল। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এক কোটি কর্মসংস্থানের কর্মসূচির মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে। তরুণ সমাজের হাতে কাজ তুলে দিতে না পারলে দেশ এগোবে না- এটাই বিএনপির রাজনীতি।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাবেক এমপি ডা.মোহাম্মদ আলীর স্ত্রী রাবেয়া আলী, জমিয়তে উলামায়ে ইসলমের নেতা মওলানা আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যন জাকিরুল ইসলাম টোটন, হুমায়ূন কবীর, সাবেক চেয়ারম্যন গাজিউর রহমান, ফরহাদ রাব্বানী সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি মিছিল ধোবাউড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়।

এসকে/টিএ

মন্তব্য করুন