ধানের শীষ রেকর্ড ভোটে বিজয়ী হবে: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত
১২:২৬ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
নিজের জন্মস্থান পেকুয়ায় ৭ ইউনিয়নের হাজারো মানুষের অংশগ্রহণে গণমিছিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এই মিছিল পেকুয়া উপজেলা সদরের কবির আহমদ চৌধুরীর বাজার থেকে শুরু হয়ে বানৌজা সড়ক হয়ে সাকুরপাড় স্টেশনে পথসভায় রূপ নেয়।
এদিন জনস্রোতের মাঝে দাঁড়িয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের এই উচ্ছ্বাস ও উদ্দীপনা জানান দিচ্ছে সারা দেশে ধানের শীষ রেকর্ড ভোটে জয়ী হবে। এখানেও বিপুল ভোটে আমরা জয়ী হবো, ইনশাআল্লাহ। ৩১ দফার মাধ্যমে জনগণকে জনগণের দল বিএনপি আগামীর পরিকল্পনা পরিষ্কার করেছে, আগামীর সরকার জনগণের সরকার। দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হবে এবং এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আর কখনো রক্ত দিতে হবে না।
ভোটের দিন নেতাকর্মীদের করণীয় সম্পর্কে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। একইসঙ্গে শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। মা-বোনেরা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সাবেক প্রতিমন্ত্রী বলেন, গত ১৬ থেকে ১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করবে এবং একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ঘরে বসে না থেকে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
এ সময় সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন ও ডাক্তার বেলাল হায়দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহসহ বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীকাল (সোমবার) চকরিয়া বাস টার্মিনালে সালাহউদ্দিন আহমদের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হবে।
টিজে/টিএ