© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী

শেয়ার করুন:
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩২ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আহ্বায়ক, সদস্য সচিবসহ শতাধিক নেতাকর্মী।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে ধানের শীষের জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ সানি। এসময় পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহীন আলম জনি নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ ছাড়া কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন নবাগতদের শুভেচ্ছা জানান এবং দেশ ও দলের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাকুন্দিয়া উপজেলার সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ সানি, সাবেক সদস্য সচিব রাজন আহমেদ মনির, পাকুন্দিয়া উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. সজল মিয়াসহ শতাধিক কর্মী।

এ বিষয়ে আব্দুল্লাহ সানি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে ভূমিকার স্বীকৃতি হিসেবে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাকুন্দিয়া উপজেলার আহ্বায়ক করা হয়েছিল। তবে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আমার অনুসারীদের নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও কিশোরগঞ্জ-২ আসনে ছাত্রদলের নির্বাহী প্রধান সমন্বয়ক নুরুজ্জামান চন্দন বলেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে একের পর এক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিচ্ছেন। শহীদ জিয়ার আদর্শের দলে তাদের যোগদান ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা সবাই মিলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করব।

টিজে/টিএ 

মন্তব্য করুন