মেয়েকে নিয়ে কী মন্তব্য করলেন টোটা রায়চৌধুরী?
ছবি: সংগৃহীত
০১:৪২ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
টালিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর সদ্য দুটি ‘লুক’ সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। একটিতে চেনা রূপে, অন্যটিতে তিনি মুণ্ডিতস্তক! ভ্রূহীন, প্রস্থেটিক রূপটানে অচেনা। সম্ভবত কোনো একটি হিন্দি সিরিজে অভিনয় করা ছবি। আর তাতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শোরগোল পড়ে গেছে। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রকাশ্যে অভিনেতার খোলামেলা ‘ব্যক্তি’ সত্তা।
টোটা-শর্মিলী রায়চৌধুরীর একমাত্র সন্তান মৃগাক্ষী। জন্ম থেকে বাবাকে নানা রূপে পর্দায় অভিনয় করতে দেখছেন। টালিউড বলে অভিনেতার কন্যাও পরমাসুন্দরী। মাও একসময়ে মডেলিং করেছেন। বাবার কল্যাণে অভিনয় তার রক্তে। তারপরও কেন টোটা মেয়েকে অভিনয়ে আসতে দিলেন না? এমন প্রশ্নের উত্তরে টোটা রায়চৌধুরী বলেন, কোনো দিন মেয়েকে আটকাইনি। এখনো চাইলে অভিনয়ে আসতেই পারে। তিনি বলেন, কিন্তু বরাবর ও পড়াশোনায় আগ্রহী। তাই ওকে পড়াশোনার দুনিয়াতেই পাঠালাম। অনিশ্চিত বিনোদন দুনিয়ায় তার মেধার যোগ্য মূল্যায়ন যদি না হয়।
ছোট থেকেই মৃগাক্ষী মেধাবী। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা তরুণী বেঙ্গালুরুতে থাকেন। কোডিং নিয়ে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পড়াশোনা শুরু করবেন শিগগির। মাঝে চাকরিও করেছে। ওকে বলেছিলাম শুধুই পড়লেই হয় না। হাতেকলমে কাজ জানতে হয়।

বাবার কথা মেনে মাঝে পেশাজীবনেও পা রেখেছেন। প্রথম উপার্জন থেকে বাবা-মাকে কী উপহার দিল মেয়ে? মৃদু হাসিমুখে টোটা বললেন, দিতে চেয়েছিল অনেক কিছু। বারণ করেছি। বলেছি সঞ্চয় করতে শেখো। ভবিষ্যতে কাজে লাগবে। মৃগাক্ষী শুনেছেন সে কথা।
অনেক মেধাবীই পড়াশোনার দুনিয়া ভুলে বিনোদন দুনিয়ায় পা রেখেছেন। সে তালিকা নেহাত ছোট নয়। সে কথা মেনে নিয়েছেন টোটাও। তিনি বলেন, অবশ্যই ইন্ডাস্ট্রিতে মেধাবী রয়েছে। কিন্তু সব মেধাবী অভিনেতার মেধার সঠিক মূল্যায়ন হয় কি?
অভিনেতা বলেন, আমার মেয়ে মাধ্যমিকে কম্পিউটার সায়েন্সে একশতে একশ পেয়েছে। তখনই বুঝে গেছি, ও কোন দিকে যাবে। তিনি বলেন, বাবার লড়াই দেখে হোক বা যে কারণেই হোক ও ছোট থেকে এসব থেকে দূরে। আমাদের সঙ্গে ছবিও চট করে দিতে চায় না। বলে সবাই ওকে ‘টোটা রায়চৌধুরীর মেয়ে’ বলে ডাকেন! তার ওপর ঘন ঘন ছবি বেরোলে নিজের পরিচয় তৈরি করতে আরও সমস্যা হবে।
আমি গর্বিত, আমার মেয়ে নিজের পরিচয়ে নিজের মতো করে বেড়ে উঠছে বলে জানান টোটা রায়চৌধুরী। তবে বাবার সঙ্গে কয়েকটি বিষয়ে খুব মিল মৃগাক্ষীর। বাবার মতো শরীরচর্চা করেন। নিয়ম মেনে চলেন। সৎ ও পরিশ্রমী। অভিনয় থেকে দূরে রাখার পরও যদি কন্যা কোনো অভিনেতাকেই জীবনসঙ্গী বাছেন? একটু কি থমকে গেলেন টোটা! দম নিয়ে বললেন পেশা যাই হোক, মানুষটা যেন ভদ্র, সৎ ও পরিশ্রমী হয়।
পিআর/এসএন