© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ আর কখনও নির্বাচন করতে পারবে না : আলতাফ হোসেন চৌধুরী

শেয়ার করুন:
আওয়ামী লীগ আর কখনও নির্বাচন করতে পারবে না : আলতাফ হোসেন চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩১ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আওয়ামী লীগ আর কখনও এ দেশে নির্বাচন করতে পারবে না। তবে দলটির সব নেতাকর্মী খারাপ নন এবং সাধারণ নেতাকর্মীদের ভয়ের কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেছেন পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া এবং সঞ্চালনা করেন নির্বাচনী সমন্বয়ক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণের কোনো সমস্যা নেই, তবে ভারতের বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর লুটপাট ও সহিংসতার সঙ্গে জড়িতরা ভারতে আশ্রয় নিয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, বিভিন্ন জরিপে বিএনপি এগিয়ে থাকলেও সামনে নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র রয়েছে। ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন জাল ভোট দিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি সমর্থকদের ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত অবস্থান করার আহ্বান জানান।

জনসভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি নির্বাচনী মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এবি/টিএ

মন্তব্য করুন