© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসি এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, যেগুলো আমরা ম্যানেজ করেছি : বুলবুল

শেয়ার করুন:
আইসিসি এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, যেগুলো আমরা ম্যানেজ করেছি : বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৫ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করতে রাজি হয়নি। এই কারণে তাদের বদলে আইসিসি স্কটল্যান্ডকে সুযোগ দেয়। গুঞ্জন ছিল ভারতে খেলতে না যাওয়ার খেসারত দিতে হতে পারে বিসিবিকে। বড় শাস্তির মুখে পড়ার পাশাপাশি আর্থিক ক্ষতিতো আছেই।

তবে সেটি হয়নি বুলবুলের কূটনৈতিক কারণেই। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেটাই জানালেন টি-স্পোর্টসে।

সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, ‘আইসিসি হয়তো কিছু সিদ্ধান্ত নিয়েছিল, যা আমাদের পক্ষে ততটা ভালো ছিল না, কিন্তু আমরা সেগুলো ম্যানেজ করেছি। ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট যাত্রা আরও স্মুথ হবে।
আমরা চেষ্টা করছি, দেশের পক্ষে যতটা সম্ভব যুব ক্রিকেট, মেয়েদের ক্রিকেট সহ সব ক্রিকেটের উন্নয়ন ঘটাতে এবং আন্তর্জাতিক সম্পর্ক স্মুথ রাখতে। সবকিছু মিলিয়ে এই সফরটা খুব সফল হয়েছে।’
শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলেননি বুলবুল। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় সেখানেও রেখেছেন ভূমিকা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এবং আইসিসিও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে আমিনুল বলেন, ‘আমরা আইসিসির সঙ্গে কথা বলেছি, পাকিস্তানের সঙ্গে কথা বলেছি। এক পর্যায়ে পরিস্থিতি এতটা কঠিন ছিল যে, পাকিস্তান আমাদের দিকে তাকিয়েছিল। আমরা বুঝেছি যে, আইসিসি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে তা শুধু অর্থনৈতিক নয়, বরং ক্রিকেটের নানা দিকেই প্রভাব ফেলবে।
কারণ বিশ্ব ক্রিকেট বর্তমানে সাবকন্টিনেন্টের প্রভাবের মধ্যে চলে। আমরা পাকিস্তানকে বোঝাতে সক্ষম হয়েছি যে, আপনাদের খেলা উচিত, ক্রিকেটের স্বার্থ।’

সোমবার লাহোরে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতারা অংশ নেন। বৈঠকে পাকিস্তানকে ভারত ম্যাচে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
বৈঠকের দরকষাকষির সময় বাংলাদেশও নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে। তারা জানিয়েছিল, বিশ্বকাপে অংশগ্রহণ না করার জন্য তাদের বিরুদ্ধে কোনো শাস্তি আরোপ করা হবে না। এছাড়া ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দাবি তোলা হয়। দুটি দাবিই বৈঠকে মেনে নেওয়া হয়। এই সমঝোতার মাধ্যমে ক্রিকেটের স্বার্থে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর পাশাপাশি বিসিবিরও দীর্ঘমেয়াদি স্বার্থও নিশ্চিত হয়েছে।

এবি/টিকে

মন্তব্য করুন