© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত ক্ষমতায় গেলে সরকার হ‌বে ১৮ কোটি জনতার : জামায়াত আমির

শেয়ার করুন:
জামায়াত ক্ষমতায় গেলে সরকার হ‌বে ১৮ কোটি জনতার : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৫ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার রাতে ঢাকার দোহারে আসেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তিনি জয়পাড়া পাইলট স্কুল মাঠে ঢাকা-১ আসনের ১১ দলীয় জোটের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, নতুন কোনো ফ্যাসিস্ট‌কে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। তাদেরকে ঝেটে সরাতে হবে।

মামলাবাজমুক্ত ‌দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনটি উপহার দেন। জামায়াত ক্ষমতায় গেলে দলের সরকার হবে না। সরকার হ‌বে ১৮ কোটি জনতার সরকার। তাই একটিবার সুযোগ দিন।

শফিকুর রহমান বলেন, দোহার একটা কৃষি এলাকা। এখানে কৃষি শিল্প গড়ে তুলতে চাই। নজরুল ইসলামকে জিতালে মানুষের সব সমস্যা সমাধান করা হবে। কোনো কালো চিল এখানে চাঁদাবাজি ও দস্যুতা করতে পারবে না। মানুষ সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে। জামায়াত ক্ষমতায় গেলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। নারীদের কোনো ভয় শঙ্কা থাকবে না। ধর্মের বিভাজন করতে চাই না। বিভক্ত কোনো বাংলাদেশ আমরা গড়তে চাই না।

ঢাকা-১ আসনের দোহারে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে জামায়াতের আমীর সন্ধ্যায় নির্বাচনী সমাবেশে আসার কথা থাকলেও তিনি মঞ্চে উঠেন রাত ৮টা ৪৫ মিনিটে। তিনি বক্তব্য শুরু করেন ৯টা ১৫ মিনিটে। তার আগমনে সভাস্থলের পাশে বিজিবি র‌্যাব পুলিশসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিল।

জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তারুণ্যের বাংলাদেশ গড়া হবে। কোনো মা-বোনের ইজ্জতহানি হবে না। দোহার-নবাবগঞ্জের অসংখ্য মানুষ বিদেশ থাকে। প্রবাসীরা সেখানে মারা গেলে লাশ যাতে পড়ে না থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে। সকল ধর্মের মানুষের প্রতি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। এসময় তিনি নজরুল ইসলামকে হাত ধরে জনতার সামনে পরিচয় করিয়ে দেন। তিনি সকলকে ধৈর্য ধরে ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিলে কর্মীরা তার সঙ্গে সুর মিলান। প্রায় ১৮ মিনিট বক্তব্য রাখেন তিনি। সমাবেশে বিপুলসংখ্যক নারী-পুরুষ যুবক ছাত্র-জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।

জামায়াতের আমির এসময় যুবকদের উদেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ তরুণ যুবকের বাংলাদেশ। দাঁড়িপাল্লার প্রার্থীকে তাদের হাতে তুলে দিয়ে গেলাম তোমরাই তাকে বিজয়ী করবে।

ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, নজরুল ইসলামকে বিজয়ী করলে দোহার নবাবগঞ্জের মানুষের জন্য মন্ত্রী উপহার দেওয়া হবে। রাজধানীর পাশে এ অঞ্চল আর অন্ধকারে থাকবে না।

জয়পাড়া পাইলট স্কুল মাঠে সন্ধ্যার আগ থেকেই নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকে। রাত পৌনে ৯টায় আমিরে জামায়াত শফিকুর রহমান এসে সভায় যোগ দেন। এসময় উচ্ছ্বসিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানায়।

জামায়াতের সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, প্রধান বক্তা ছিলেন প্রার্থী নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইব্রাহিম খলিল। এসময় বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা জেলা আমীর দেলোয়ার হোসেন, খেলাফত মজলিশের ফরহাদ হোসেন, এনসিপির রাসেল মোল্লা প্রমুখ।

এমআর/টিএ 

মন্তব্য করুন