গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ: মঞ্জু
ছবি: সংগৃহীত
০৫:০৫ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা এখনো পাশের দেশে বসে হুঙ্কার ছুড়ছেন। তিনি তার দলের পলাতক নেতাকর্মীদের দিয়ে দেশের শান্তি বিনষ্টের অপচেষ্টাও করাচ্ছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরে নিজের নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গণভোট প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গণভোটে “হ্যাঁ” জিতলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। দীর্ঘস্থায়ী গণতন্ত্র ফিরিয়ে আনতে “হ্যাঁ” জিতলে সব রাজনৈতিক দলই লাভবান হবে। অথচ আওয়ামী লীগের সুরে কিছু রাজনৈতিক দল “না” ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।’
আগামী ১২ ফেব্রুয়ারি দেশবাসীকে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গণহত্যায় জড়িত, জনগণ তাদের বিচার দাবি করে। দায়মুক্তি না হওয়া পর্যন্ত জাতীয় ঐক্য গড়ে ওঠা অসম্ভব।’
সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে এখনো সমান সুযোগ নিশ্চিত করা হয়নি বলে দাবি করেন এবি পার্টির প্রধান। নির্বাচন সুষ্ঠু করতে তিনি এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিভিন্ন স্থানে নারী ভোটারদের হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করে সব ভয়ভীতি উপেক্ষা করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তিনি। মঞ্জু বলেন, ‘এবারের নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।’
সন্ত্রাসের অপবাদ মুছে আগামী প্রজন্মের জন্য ফেনীকে শান্তির জনপদে রূপান্তর করার ঘোষণা দেন এই প্রার্থী। ফেনীর পরশুরামে মুহুরী নদীর বল্লামুখা বাঁধ নির্মাণে সরকারের বরাদ্দ সাড়ে চার হাজার কোটি টাকা রক্ষায় ঈগল প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া মেডিকেল কলেজ, বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান।
এ সময় ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, এবি পার্টি ফেনীর আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, খেলাফত মজলিসের ফেনী জেলা আমির মাওলানা মোজাফফর আহমদ জাফরী, এনসিপি ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
এমআর/টিএ