© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমেই মিলবে স্বপ্নের বাংলাদেশ: মাসুদ সাঈদী

শেয়ার করুন:
সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমেই মিলবে স্বপ্নের বাংলাদেশ: মাসুদ সাঈদী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২০ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী বলেছেন, ১৭ বছর পর নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা একটি পরিবর্তন ও ন্যায়-ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি। যে স্বপ্ন পূরণ হতে পারে আমাদের সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা মিনি স্টেডিয়ামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল স্বাধীনতার ৫৪ বছরেও তার বাস্তবায়ন হয়নি। আমাদের স্বপ্ন পূরণ হয়নি। বারবার নির্বাচন এসেছে, প্রত্যেকবার জনগণ আশা করে বিভিন্ন দলকে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছে; কিন্তু জনগণ তাদের কাঙ্ক্ষিত দেশ পায়নি।’

বিগত সরকারগুলোর সমালোচনা করে সাঈদীপুত্র বলেন, ‘জনগণকে মূল্যায়ন করা হয়নি। বরং আমরা দেখেছি, গত ৫৪ বছরে যে দল বা যারা ক্ষমতায় এসেছে, তারা তাদের কপালের ও পকেটের উন্নয়ন ঠিকই ঘটিয়েছে। দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি। কোনো কোনো দল ৫, ১০ বা ১৫ বছর একাধারে ক্ষমতায় থেকে আমাদের উন্নয়নের গল্প শুনিয়েছে। সেই স্বপ্ন ছিল শুধুই বলার মতো কথা, বাস্তবে কিছুই হয়নি।’

এ সময় মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘আমার পিতা (দেলওয়ার হোসাইন সাঈদী) যেমন উন্নয়নমূলক কাজের কথা বই আকারে জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন, আমিও তেমন করব আল্লাহ যদি আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন।’

নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন