একটি দল ক্ষমতায় গেলে দেশ জঙ্গিবাদে পরিণত হবে: খায়রুল কবির খোকন
ছবি: সংগৃহীত
০৫:২৮ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, একটি দল ক্ষমতায় গেলে দেশ জঙ্গিবাদে পরিণত হবে। বিশ্ব এ দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। দেশকে ধর্মান্ধ রাষ্ট্রের দিকে ঠেলে দেবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দল ধানের শীষের জোয়ার দেখে দিশেহারা, বেসামাল ও উন্মাদ হয়ে পড়েছে।তাদের কাছে দেশ, জাতি ও স্বাধীনতা নিরাপদ নয়। তারা ধর্মের নামে মানুষের সঙ্গে প্রতারণা ও মুনাফেকি করছে।’
খায়রুল কবির খোকন আরও বলেন, ‘তারা স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, জাতীয় সংগীত গায় না। একাত্তর সালে এ দেশের মানুষ তাদের দেখেছে।’
জনসভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, ভি ডি জলিল, হারুন অর রশিদ, আকবর হোসেন, অ্যাডভোকেট বাছেদ, আবু সালেহ চৌধুরী, রবিউল ইসলাম রবি, মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী।
নির্বাচনী জনসভা শেষে ধানের শীষের ভোট চেয়ে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নরসিংদী জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এমআর/টিএ