জামায়াতের পক্ষে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
০৪:১১ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
রাজশাহীতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়েছে ছাত্রদল নেতা। ফেসবুকে দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগের প্রেক্ষিতে তাকে বহিষ্কার করে সংগঠনটি।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে এ ঘটনা ঘটেছে। ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মিলন বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারীর সমর্থনে একটি পোস্ট দেন। এর আগের দিনও তিনি জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।' নিজ দলের বাইরে গিয়ে অন্য দলের প্রার্থীর পক্ষে এমন প্রকাশ্যে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বহিষ্কৃত নেতা মুস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, এই বহিষ্কারাদেশে তার কিছু যায় আসে না। তবে তিনি উল্লেখ করেন, বহিষ্কার আদেশে তার সাংগঠনিক নাম 'মিলন পারভেজ'-এর পরিবর্তে তার ফেসবুক আইডিতে ব্যবহৃত নাম ব্যবহার করা হয়েছে। তিনি এ ও বলেন যে এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়।
এমআই/এসএন