© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোনালদো যদি কালই চলে যান, সৌদি লিগ কেউ আর দেখবে না: টনি ক্রুস

শেয়ার করুন:
রোনালদো যদি কালই চলে যান, সৌদি লিগ কেউ আর দেখবে না: টনি ক্রুস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২০ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সৌদি প্রো লিগের বিরোধ ইস্যুতে মুখ খুললেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ টনি ক্রুস। তার দাবি, পর্তুগিজ তারকাকে ঘিরেই লিগটির উত্থান। তিনি যদি হঠাৎ করেই সৌদি আরব ছাড়েন, তাহলে এই লিগের প্রতি দর্শক ও বৈশ্বিক আগ্রহ দ্রুতই ফিকে হয়ে যাবে।

২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে খেলেছেন টনি ক্রুস। ব্রায়ান নাসরের সঙ্গে এক সাক্ষাৎকারে পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কোনো রাখঢাক না রেখেই নিজের মতামত তুলে ধরেন তিনি।
 
সাক্ষাৎকারে ক্রুস বলেন, ‘সৌদি লিগ একেবারেই ভিন্ন এক জগৎ। ক্রিস্টিয়ানো আসার আগে এই লিগকে কেউ চিনতই না। আর এখন সেই মানুষটাকেই অসম্মান করা হচ্ছে, যিনি আন্তর্জাতিকভাবে তাদের পরিচিতি এনে দিয়েছেন। আমি বলছি, রোনালদো যদি কালই চলে যান, এই লিগ আর কেউ দেখবে না।’
  
গত গ্রীষ্মে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে আল-নাসরে যোগ দেন রোনালদো। বয়স ৪১ হলেও মাঠের পারফরম্যান্সে এখনো তিনি দলের অন্যতম ভরসা। তবে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ও ক্লাব ব্যবস্থাপনার সঙ্গে চলমান টানাপোড়েন তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রোনালদোর চুক্তিতে প্রায় ৪ কোটি ৩০ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ রয়েছে। ফলে ইউরোপে প্রত্যাবর্তন কিংবা মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমানোর গুঞ্জনও শোনা যাচ্ছে।

 
রোনালদোর ‘ধর্মঘটের’ সূত্রপাত হয় বকেয়া বেতন ও ক্লাব পরিচালনা নিয়ে মতবিরোধ থেকে। অভিযোগ রয়েছে, ক্লাবের কিছু স্টাফের বেতন পরিশোধে বিলম্ব এবং নেতৃত্ব নিয়ে অসন্তোষ থেকেই তিনি মাঠে নামতে চাননি। চাপের মুখে পিআইএফ কিছু বকেয়া পরিশোধ করেছে এবং ডিসেম্বরে সরিয়ে দেওয়া সিইও হোসে সেমেদো ও স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহোকে পুনর্বহাল করার বিষয়েও আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
  
এদিকে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। সূত্রের বরাতে জানা গেছে, বুধবার আল-নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ম্যাচে তিনি খেলবেন না। তবে শনিবার সৌদি প্রো লিগে আল-ফাতেহের বিপক্ষে ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
 
এই পুরো ঘটনা সৌদি ফুটবলে রোনালদোর প্রভাব কতটা গভীর, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ক্রুসের মন্তব্য সেই বাস্তবতাকেই জোরালো করেছে। রোনালদোর উপস্থিতিতে এক বছরের ব্যবধানে সৌদি প্রো লিগ আন্তর্জাতিক অঙ্গনে যে পরিচিতি ও বাণিজ্যিক গুরুত্ব পেয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই।
 
চার দশক পেরিয়েও রোনালদো নিয়মিত পারফরম্যান্স, নেতৃত্ব ও তারকা খ্যাতি দিয়ে আলোচনার কেন্দ্রে থাকছেন। মাঠের ভেতরে গোল আর মাঠের বাইরে প্রভাব; দুটো মিলিয়েই তিনি সৌদি লিগের সবচেয়ে বড় সম্পদ। আসন্ন সপ্তাহগুলোতে আল-নাসর ও সৌদি প্রো লিগের স্থিতিশীলতা যেমন পরীক্ষার মুখে পড়বে, তেমনি নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন রোনালদো।

এমআই/টিএ

মন্তব্য করুন