নিরাপত্তা নিয়ে নুরের শঙ্কা প্রকাশ
ছবি: সংগৃহীত
১০:৫৬ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
ভিপি নুর বলেন, গত দুই দিনে ঘটে যাওয়া একাধিক গুরুতর ঘটনার বিষয়ে তিনি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবহিত করেছেন। কিন্তু এসব ঘটনার সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তার ভাষ্য, ‘এই পরিস্থিতিতে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়।’
তিনি জানান, এলাকায় পরপর অন্তত পাঁচটি গুরুতর ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে একটি বাড়িতে অগ্নিসংযোগ, একটি অফিস পুড়িয়ে দেওয়া, এক নারীকে ধর্ষণের পর হত্যা, চর বোরহানী এলাকায় অফিস ভাঙচুর এবং কুপিয়ে মানুষকে আহত করার ঘটনা। এতসব গুরুতর অপরাধ সংঘটিত হলেও প্রশাসনের গৃহীত ব্যবস্থা সন্তোষজনক নয় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভিপি নুর বলেন, এসব বিষয়ে তিনি নির্বাচন কমিশনের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) অবহিত করেছেন। তাঁর অভিযোগ, একজন স্বতন্ত্র প্রার্থী এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের নিয়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করছেন এবং নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, ‘আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এসব অপকর্ম বন্ধে প্রশাসন যদি শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।’
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভিপি নুর বলেন, ‘আমি একটি দলের প্রধান ও সাবেক ভিপি। আমার মতো একজন প্রার্থী যদি নিরাপত্তাহীনতায় থাকি, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে, তা ভেবে শঙ্কিত হচ্ছি।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে নির্বাচন করা তাঁর পক্ষে সম্ভব হবে না। প্রয়োজনে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মঙ্গলবারও তাঁদের দুই কর্মীকে হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন নুর। তাঁর দাবি, অনেক সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানায়, অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি- যেন আগেই পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
সবশেষে ভিপি নুর বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং একজন প্রার্থী হিসেবে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
এসকে/এসএন