© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মঞ্জুরুল আহসান মুন্সীর ভিডিও এআই দিয়ে তৈরি, দাবি এম এ আউয়াল খানের

শেয়ার করুন:
মঞ্জুরুল আহসান মুন্সীর ভিডিও এআই দিয়ে তৈরি, দাবি এম এ আউয়াল খানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪২ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এমন সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ভাইরাল হওয়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান।

মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে তিনি বলেন, ওইদিনের বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, ‘এইটা আমার নিজের বাড়ি, নিজের ঘর, নিজের এলাকা। আপনারা আমার মনোনীত প্রার্থীকে ভোট দিলে আমাকে ভোট দেয়া হবে। আপনারা ভয়ভীতি পাবেন না।’

ঘর-বাড়ি পুড়িয়ে দেয়ার বিষয়ে মুন্সীর দেয়া বক্তব্য এআই দিয়ে তৈরি বলেও দাবি করেন তিনি। বলেন, মঞ্জুরুল আহসান মুন্সীর মান সম্মান ক্ষুন্ন করার জন্য এআই দিয়ে ভিডিও বানিয়ে ছড়ানো হচ্ছে।

সম্প্রতি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে এবং ভোটাররা অন্য কোথাও ভোট দিলে তাদের ছাড় দেয়া হবে না। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হবে। 

এদিকে বহিষ্কারে দেয়া বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ইউটি/টিএ

মন্তব্য করুন