© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মঞ্জুরুল আহসান মুন্সীকে সংযত হয়ে কথা বলার পরামর্শ আদালতের

শেয়ার করুন:
মঞ্জুরুল আহসান মুন্সীকে সংযত হয়ে কথা বলার পরামর্শ আদালতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ঋণখেলাপি হয়ে প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করে তাকে সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের  নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি (সদর সিভিল কোর্টের জজ) প্রথম শ্রেণির জ্যেষ্ঠ বিচারক তাফরিমা তাবাসুম এই আদেশ দেন। মঞ্জুরুল ওই আসনে প্রার্থী ছিলেন।

বিচারক তাফরিমা তাবাসুম মঞ্জুরুলকে বলেন, ‘আপনি বয়স্ক লোক। আপনার বিরুদ্ধে ফোনে অনেক অভিযোগ পাচ্ছি, আমরা প্রেসারে আছি। আপনি একটু কথা সংযত হয়ে বলুন।’ এ সময় মঞ্জুরুল মূন্সী তার লিখিত বক্তব্যে নির্বাচনী সভায় বক্তব্যব্যের ব্যাখ্যা দেন।

আদালতে মঞ্জুরুল মুন্সীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মেজবাহ, কুমিল্লার বারের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, অ্যাড. আব্দুল আউয়াল ভূঁইয়া ও অ্যাড. আমানুর রহমান খান তারিক।

গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মঞ্জুরুল মুন্সীর বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনায় বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে তাকে বলা হয়েছিল।

মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিত জানান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম।

এদিকে বুধবার (১১ ফেব্রুয়ারি) সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘দল আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। মনে-প্রাণে ধারণ করা আমার দল বিএনপিকে আমৃত্যু ধারণ  করে চলব। আমি বিএনপি থেকে মনোনয়ন পাওয়া সত্ত্বেও একটি মহল আমাকে নির্বাচন থেকে দূরে রেখেছে।’

বিজ্ঞপ্তিতে উপজেলার বাসিন্দাদের ‘প্রিয় দেবীদ্বারবাসী’ সম্বোধন করে বলা হয়, এ আসনে দলীয় প্রার্থী না থাকায় বিএনপি গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়েছে।

আগামী নির্বাচনে ট্রাক প্রথীকে ভোট দিয়ে এ আসনের বিজয় সুনিশ্চিত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্জুরুল বলছেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল রাতেই তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণখেলাপি হওয়ায় তাঁর প্রার্থিতার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের আদেশে তার প্রার্থিতা বাতিল হয়।

মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল হওয়ার পর কুমিল্লা-৪ আসনটিতে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে দেবীদ্বার উপজেলার বাকসার গ্রামে জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে ওই বিতর্কিত মন্তব্য করেন মঞ্জুরুল।

এসএস/টিএ

মন্তব্য করুন