© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটকে কেন্দ্র করে ৫ জেলায় ৫ জনের মৃত্যু

শেয়ার করুন:
ভোটকে কেন্দ্র করে ৫ জেলায় ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন দেশের পাঁচ জেলায় ভোটকে কেন্দ্র করে পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় এসব ঘটনা ঘটে। এদের মধ্যে চারজন অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর খুলনায় এক বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং কর্মকর্তার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত মুজাহিদুল ইসলাম (৪৮) বৃহস্পতিবার সকাল থেকে নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্র (ভোটকেন্দ্র নং-৫১) এ দায়িত্বে ছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনায় বিএনপি নেতার মৃত্যু, ধাক্কাধাক্কির অভিযোগ
খুলনায় ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মহিবুজ্জামান কচি (৫৫) খুলনা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, জামায়াতের এক নেতা ধাক্কা দিলে গাছের সঙ্গে লেগে আঘাত পান কচি, এতে তার মৃত্যু হয়। তবে জামায়াত নেতারা দাবি করেছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সদর থানা এসআই খান ফয়সাল রাফি বলেন, দুই পক্ষের উত্তেজনা ছত্রভঙ্গ করা হয়েছে। ধাক্কাধাক্কি বা হাতাহাতির ঘটনা তারা দেখেননি।

মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
মানিকগঞ্জ-১ আসনের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোট দিতে গিয়ে বাবু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রের সামনে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার ছেলে রাজু মিয়া জানান, ভোট দিতে গিয়ে স্ট্রোক করে তার বাবার মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে হৃদরোগে ভোটারের মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনু মিয়া (৬২) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ পড়ে যান। পরে তাকে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ছেলে শাকিল জানান, চিকিৎসকেরা বলেছেন হৃদরোগে তার বাবার মৃত্যু হয়েছে।

এদিকে গাইবান্ধার সাঘাটায় ওসমানের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন এক বৃদ্ধ।

এসএন

মন্তব্য করুন