ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল, আটক ৩ যুবলীগ কর্মী
ছবি: সংগৃহীত
০৭:৫৪ এএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ সময় ধাওয়া দিয়ে ৩ যুবলীগের কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দিকে মহাসড়কের চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— জেলার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং দেবিদ্বার উপজেলার ছেছরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী বলে জানা গেছে।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে শুক্রবার দুপুরে মুরাদনগরের লাজৈর এলাকা থেকে চট্টগ্রামমুখী লেনে একটি ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি চান্দিনার তীরচরের দিকে এগিয়ে গেলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় যুবলীগের তিন সমর্থককে আটক করা হয়। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওসি নুরুজ্জামান বলেন, মহাসড়কে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএন/এসএন