ঝালকাঠিতে ভোট জালিয়াতির চেষ্টায় নারীর দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
ছবি: সংগৃহীত
০৫:১৬ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ছাবিনা বেগম ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি ওই কেন্দ্রেরই ভোটার ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি) মুক্তা রানী।
আদালত সূত্রে জানা গেছে, ছাবিনা বেগম ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। এসময় তাকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাচনী বিধিমালা (আরপিও) এর ৭৪(৫) ধারা অনুযায়ী, অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আইকে/টিএ