© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলাকারী বিএনপি নেতা আটক

শেয়ার করুন:
ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলাকারী বিএনপি নেতা আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৪ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাবুগঞ্জ উপজেলা থেকে বিএনপি নেতা রাজন শিকদারকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

গত বছরের ৭ ডিসেম্বর এ আসনের ১১ দল সমর্থিত এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদের (ব্যারিস্টার ফুয়াদ) ওপর হামলার অভিযোগ রয়েছে রাজনের বিরুদ্ধে। আটক রাজন রহমতপুর রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় রাজকর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান রাজন। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি এসে তাকে আটক করে গাড়িতে তোলে। রাজনকে আটকের খবরে ঘটনাস্থলে এসে তার পরিবারের সদস্যরা সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন। ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছান বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেন। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা গাড়িতে করে রাজনকে বাবুগঞ্জ উপজেলার দিকে নিয়ে যায়। এ বিষয়ে সাংবাদিকদের পরে বিস্তারিত জানানো হবে বলে জানায় যৌথবাহিনী।

তথ্যমতে, গত বছরের ৭ ডিসেম্বর বরিশালের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ব্রিজ নির্মাণের ঠিকাদারের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছেন বলে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছিলেন এ আসনের প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে যৌথবাহিনীর হাতে আটক রাজনকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল।

বাবুগঞ্জ থানার ওসি শেখ এহতেশামুল ইসলাম বলেন, যৌথবাহিনী এখনও আটক রাজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেননি। তাই আটক ব্যক্তিকে হস্তান্তর না করা পর্যন্ত বিস্তারিত বলতে পারব না।

টিজে/টিএ  

মন্তব্য করুন