ঢাকা-৮ আসন: জয়ের পথে মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
০৪:০০ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বেসরকারিভাবে জয়ের পথে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে চমক দেখিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসির উদ্দিন পাটোয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থাপিত অস্থায়ী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
এই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি মার্কায় নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কায় কেফায়েত উল্যাহ পেয়েছেন ১৩২২ ভোট।
রিটার্নিং অফিসার জানান, এই আসনে মোট ভোটার সংখ্যা ২,৭৫,৪৭৪ জন।
বর্তমানে শুধু প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। সেটি যোগ হলেই চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রাত ১১টা থেকেই সেগুনবাগিচা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের বিপুলসংখ্যক সমর্থক বিভাগীয় কমিশনার কার্যালয়ের চারপাশে জড়ো হতে থাকেন।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় বিপুলসংখ্যক সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো এলাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
এমআর/টিএ