© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি জোট থেকে তিন প্রার্থীর জয়

শেয়ার করুন:
বিএনপি জোট থেকে তিন প্রার্থীর জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভোট গণনা শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকেরা এসব তথ্য জানান।

বিজয়ী তিনজন প্রার্থী হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভোলা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি তাদের শরিক দলগুলোর জন্য মোট আটটি আসন ছেড়ে দিয়েছিল। তবে সমর্থন থাকা সত্ত্বেও বাকি আসনগুলোতে জয় পেতে পারেননি শরিক দলের প্রার্থীরা।

ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির সহসভাপতি মওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী পরাজিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বেশ কয়েকটি আসনে ধানের শীষ প্রতীক না পেয়ে বিএনপির কিছু নেতা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এর ফলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেয়, যা শরিক দলের প্রার্থীদের বিজয়ের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে।

বিশ্লেষকদের মতে, জোটগত সমঝোতা থাকলেও মাঠপর্যায়ে সমন্বয়ের ঘাটতি এবং বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণ শরিকদের প্রত্যাশিত ফলাফল অর্জনে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে তিনটি গুরুত্বপূর্ণ আসনে জয়কে জোটের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

টিজে/টিএ  

মন্তব্য করুন