ফের বলিউডে বিতর্কের জন্ম দিয়েছে শাহিদ কাপুরের নতুন ছবি ‘ও রোমিও’
ছবি: সংগৃহীত
০১:৫০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে বিতর্কের জন্ম দিয়েছেন শাহিদ কাপুরের নতুন ছবি ‘ও রোমিও’। জন্মলগ্ন থেকেই শোনা যাচ্ছে ছবিটি ঝুঁকিপূর্ণ ও উসকানিমূলক। পরিচালক বিশাল ভরদ্বাজের হাত ধরে শাহিদকে ‘খতরনাক’ চরিত্রে দেখা যাবে, যা ‘কবীর সিং’ পরবর্তী অধ্যায় হিসেবে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। তবে ছবির মুক্তির আগে সেন্সর বোর্ডের নজরকাড়া হস্তক্ষেপ ঘটেছে।
সেন্সর বোর্ড ‘A’ সার্টিফিকেট প্রদানের আগে একাধিক দৃশ্য এবং সংলাপ সংশোধনের নির্দেশ দিয়েছে। অনেক সংলাপ মিউট করা হয়েছে এবং এক নারী চরিত্রকে সম্বোধনের ক্ষেত্রে ‘আইটেম’ শব্দটি বদলে ‘কুমারী’ করা হয়েছে। রোম্যান্টিক বা অন্তরঙ্গ দৃশ্যে কোনো ছাঁটাই হয়নি, তবে রক্তারক্তি, হিংসাত্মক দৃশ্যের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। বিশেষ করে এক নারী চরিত্রকে চড় মারার দৃশ্য এবং গলা কাটার ক্লোজ-আপ শটকে ২০ শতাংশ কমিয়ে মাত্র তিন সেকেন্ডে আনা হয়েছে। এছাড়া এক নারী চরিত্রের মুখে রক্ত পড়ার দৃশ্যও সেন্সরের দৃষ্টি কাড়ে। এসব ছাঁটাইয়ের পর ছবির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৭৮.৪১ মিনিট।

ছবির বিষয়বস্তু নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, ‘ও রোমিও’তে নয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনকাহিনি এবং তার সঙ্গে দাউদ ইব্রাহিমের সম্পর্কের ছায়া ফুটে উঠেছে। প্রথম ঝলক প্রকাশের পর ওয়াকিবহাল মহল অনুমান করেছে, ছবিটি আদতে ‘স্বপ্নাদিদি, দাউদ এবং হুসেন উস্তারা’র ত্রিকোণ প্রেমকাহিনি। উস্তারার কন্যা শানোবার শেখ আদালতে অভিযোগ জানিয়ে মুক্তি আটকানোর চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছেন, বাবার ভাবমূর্তিতে কল্পনাপ্রসূত সম্পর্ক দেখানো হচ্ছে।
সব বিতর্কের মধ্যে ছবির মুক্তি চূড়ান্ত হয়েছে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি ‘ও রোমিও’ দর্শকদের জন্য উন্মুক্ত হবে। সেন্সরের এই কাঁচি এবং আইনি জটিলতা ছবির আগ্রহ এবং উত্তেজনা আরও বাড়িয়েছে।
পিআর/টিএ