© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনা জাহাজ জব্দ করল জাপান, কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা

শেয়ার করুন:
চীনা জাহাজ জব্দ করল জাপান, কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাপান তাদের বিশেষ সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে একটি চীনা জাহাজ আটক করেছে। পাশাপাশি জাহাজের ক্যাপ্টেনকেও গ্রেফতার করেছে।

জাহাজটি জাপানের পরিদর্শন কমান্ডকে অমান্য করে পালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ টোকিওর। ২০২২ সালের পর প্রথম চীনা জাহাজ আটকের ঘটনা এটা। এ ঘটনায় দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চীনা নৌযান আটক করে জাপান কর্তৃপক্ষ।

তল্লাশির জন্য থামতে নির্দেশ দেয়ার পরও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এমন দাবি করে চীনের একটি মাছ ধরা নৌযান আটকের কথা জানায় টোকিও।

জাপানের মৎস্য সংস্থার বরাতে জানা যায়, চীনা নৌযানটি নাগাসাকি উপকূলে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অবস্থান করছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার জাহাজটি আটকের পাশাপাশি নৌযানের ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়।

জাপানের ফিশারিজ এজেন্সি জানায়, দক্ষিণ-পশ্চিম নাগাসাকি প্রিফেকচারের কাছাকাছি চীনা জাহাজটি আটক করা হয়। জাহাজের ৪৭ বছর বয়সী ক্যাপ্টেনকে পালানোর চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়।

জাহাজে আরও ১০ জন যাত্রী ছিলেন। তবে জাহাজের ক্যাপ্টেন অভিযোগ স্বীকার করেছেন কি না তা প্রকাশ করা হয়নি। জাপান কর্তৃপক্ষ ও দেশটির সংবাদমাধ্যম আটক করা নৌযানকে উচ্চ ধারণক্ষমতার 'টাইগার নেট ফিসিং বোট' বলে বর্ণনা করেছে।

এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি চীন। এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনকে সতর্ক করে বলেছিলেন, যদি চীন জোরপূর্বক তাইওয়ান দখল করতে চায়, জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে।

এ মন্তব্যে চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে টোকিওর রাষ্ট্রদূতকে তলব করে এবং চীনা নাগরিকদের জাপানে ভ্রমণ ও পড়াশোনার বিষয় পুনর্বিবেচনার আহ্বান জানায়।

এমআর/এসএন  

মন্তব্য করুন