হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০
ছবি: সংগৃহীত
০১:১১ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে ফুটবল খেলা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিজ নিজ লোকজনকে জড়ো করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, শিশুদের ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে বড়দের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়। পরে মাইকিং করে লোকজন জড়ো করে তারা সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএস/টিএ