© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় ডাকাত আতঙ্কে মাইকিং, রাত জেগে পাহারা

শেয়ার করুন:
বরগুনায় ডাকাত আতঙ্কে মাইকিং, রাত জেগে পাহারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০১ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বরগুনার বেতাগী পৌর শহর ও আশপাশের কয়েকটি গ্রামে রাতে ডাকাত আসার গুজবের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। এই খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পুলিশ ও নৌবাহিনী বেতাগী শাখার কন্টিনজেন্টের সদস্যরা যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া বিভিন্ন এলাকায় দল বেঁধে রাত জেগে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে।

পৌর শহরের কলেজ রোড, বাসস্ট্যান্ড এলাকা ও কয়েকটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী টহল দল গঠন করা হয়েছে।

তারা বাঁশি, লাঠি ও টর্চলাইট নিয়ে বিভিন্ন সড়ক ও গলিতে টহল দিচ্ছেন। বিশেষ করে গভীর রাতে অচেনা কাউকে দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানাতে বলা হয়েছে।

তবে এখন পর্যন্ত বড় ধরনের ডাকাতির কোনো নিশ্চিত ঘটনা পাওয়া যায়নি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। আতঙ্ক ছড়িয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

ডাকাত ঢুকছে এমন খবরে থানা পুলিশ ও নৌবাহিনী বেতাগী শাখার কন্টিনজেন্টের যৌথ টিম টহল জোরদার করা হয়েছে।

টিজে/টিএ

মন্তব্য করুন