© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষণ জানাল ৪ সংগঠন

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষণ জানাল ৪ সংগঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে সুশীল সমাজের চার সংগঠন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলন সংগঠনেগুলোর প্রতিনিধিরা এই প্রতিক্রিয়া জানান।

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন বি স্ক্যানের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক সালমা মাহবুব বলেন, প্রতিবন্ধীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবন্ধী পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তারা প্রতিবন্ধীদের ভোটদানের পরিবেশ পর্যবেক্ষণ করেছে। অনেক কেন্দ্রেই প্রতিবন্ধীসূলভ পরিবেশ- র‌্যাম ছিল না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের সহায়তার নির্দেশনা ছিল, উপস্থিত সহায়তাকারীরা চেষ্টাও করেছেন। কিন্তু, সুবিধা পর্যাপ্ত ছিল না। লিখিত কোনো নির্দেশনা কেন্দ্রগুলোতে পাঠানো হয়নি। তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা যেতে পারে। আরপিও'তে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।

সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে কাজ করা পর্যবেক্ষক সংগঠন রূপসার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, মূলত খুলনা অঞ্চলে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন। ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কিন্তু, ভোটের দিনের পরিবেশ অনেক শান্তিপূর্ণ ছিল। সময় মতো ভোট শুরু হয়েছে এবং সময় মতো শেষ হয়েছে। ৫০৯টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে রূপসা। নির্বাচনের দিন পুরোটা সময় পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের প্রতি সুপারিশ থাকবে।

নারী অধিকার সম্পর্কিত পর্যবেক্ষক সংগঠন আরশি ট্রাস্টের নাফিসা রায়হানা বলেন, নির্বাচনের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত নারীদের প্রতি সহিংসতা বেশি হয়েছে। অনলাইনে নারী প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়রানি করা হয়েছে। ৮৫ জন নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মাত্র ৭জন বিজয়ী হয়েছেন। তারা যে পরিমাণ অনলাইন সহিংসতার শিকার হয়ে বিজয়ী হয়েছেন তা প্রশংসার যোগ্য। অনলাইনে নারী সহিংসতা ঠেকাতে আইনের সুপারিশ করে আরশি।


অধিকারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কোরবান আলী বলেন, নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল। নির্বাচনের পর, হঠাৎ করে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। প্রক্রিয়াগত স্বচ্ছতা ছিল, কিন্তু সহিংসতা উদ্বিগ্ন করেছে। যদিও, অতীতের তুলনায় তা অনেক কম ছিল। সার্বিকভাবে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেয়।

কেএন/এসএন

মন্তব্য করুন