ভোলাহাটে মোবাইল চার্জার বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত ৪ বসতবাড়ি
ছবি: সংগৃহীত
১১:৪৬ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনও প্রাণহানি না ঘটলেও নগদ অর্থ ও আসবাবপত্রসহ প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জে দেয়া অবস্থায় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশের মো. তারা, তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা।
ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। পরবর্তীতে তা জানানো হবে।
এদিকে, সর্বস্ব হারিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এসকে/টিএ