সনি র্যাংগসের এমডিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
০৫:১২ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
অবৈধ সম্পদ অর্জনেরর অভিযোগে সনি র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেন, ডিএমডি বিনাস হোসেন ও সাচিমি ওগাওয়ারা হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক আল-আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এমডি একরাম হোসেন, ডিএমডি বিনাস হোসেন ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চলছে বলে তথ্য পাওয়া গেছে।
দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিন আদালতে দাখিল করা আবেদনে বলেন, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান, সম্পদ হস্তান্তর রোধ এবং অপরাধের আলামত সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট তিনজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
আইকে/টিএ