ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ
ছবি: সংগৃহীত
০৬:২১ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুরের পীরগঞ্জে একটি ভোটকেন্দ্র থেকে ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার হয়েছে। এর মধ্যে দুটি ধানের শীষ প্রতীকের, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোটের। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিলমারা এসব ব্যালট উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে স্কুলে গিয়ে শিক্ষার্থীরা দুটি সিলসহ ছয়টি ব্যালট খুঁজে পায়। পরে ব্যালট ও সিলগুলো প্রধান শিক্ষকের কাছে জমা দেয় তারা । প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে গেলে বাইরে বিক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ঝাড়ু হাতে নারীরাও অবস্থান নেন। একপর্যায়ে ইউএনওকে অবরুদ্ধ করে রাখা হয়।
বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলকাবাসী বিক্ষোভ অব্যাহত রেখেছেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনরায় গণনার দাবিতে গত তিনদিন ধরে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীসহ সমর্থকরা।
এসএস/টিএ