© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিব সুযোগ পাবে কিনা বলা মুশকিল: নান্নু

শেয়ার করুন:
সাকিব সুযোগ পাবে কিনা বলা মুশকিল: নান্নু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে নৌকার প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হন সাকিব আল হাসান।

কিন্তু ২০২৪ সালের আগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি-মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিপদে পড়ে যান আওয়ামী আমলে এমপি হওয়া সাকিব আল হাসানও। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। গ্রেফতার এড়াতে দেশের বাইরে অবস্থান করেন সাকিব। যে কারণে জাতীয় দলের হয়ে খেলা হচ্ছেনা দীর্ঘদিন।



তবে বিএনপি ক্ষমতায় আসার আগ থেকেই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার গুঞ্জন শুরু হয়। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে বিএনপি।

আগামীকাল মঙ্গলবার নির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথ অনুষ্ঠান। তার আগে আজ সোমবার জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলা মুশকিল যে, সে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থা, ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে কি না, এসব মিলে ওরা সিদ্ধান্ত নেবে।’

পরে বিসিবি ও ক্রিকেট অঙ্গনের অস্থিরতা নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘এখন তো সব কিছুই সুন্দরভাবে… যেহেতু নির্বাচিত সরকার কাল শপথ নিচ্ছে। আমরা চাইব সব সুন্দরভাবে হোক। কিছু বিষয়ে মনোমালিন্য চলছে। এগুলোর সমাধান অবশ্যই করতে হবে। সবার আগে বাংলাদেশ। এ জিনিস মাথায় রেখে এগোতে হবে। আমরা চাই সব ঠিকভাবে এগিয়ে যাক, খেলার সঙ্গে আপোষ না হোক।’

এসএস/টিএ

মন্তব্য করুন