মাগুরায় ভেজাল পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০৩:৪৫ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘মেসার্স পবিত্র স্টোর’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
অভিযানে আড়পাড়া বাজারের মেসার্স পবিত্র স্টোরে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও চকলেটসহ বিভিন্ন মানহীন পণ্য পাওয়া যায়। এসব পণ্য সংরক্ষণ করে গ্রামের বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছিল বলে জানা যায়।
এছাড়া দোকানটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, খাবারে অননুমোদিত ক্ষতিকর রঙের ব্যবহার, নিম্নমানের নকল ও ভেজাল পণ্য মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাদ্যপণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এসব অপরাধে দোকানের মালিক বিপুল সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
পরে বাজারের অন্যান্য ফলের দোকান ও নিত্যপণ্যের ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। রমজান মাসে অতিরিক্ত মুনাফা না করার ব্যাপারেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের সঙ্গে এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক সজল আহম্মেদ জানিয়েছেন।
এসএস/টিএ