© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিকিৎসাসেবা কোনোভাবেই ব্যবসায় পরিণত হতে পারে না: প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত

শেয়ার করুন:
চিকিৎসাসেবা কোনোভাবেই ব্যবসায় পরিণত হতে পারে না: প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জনগণের চিকিৎসাসেবা কোনোভাবেই ব্যবসায় পরিণত হতে পারে না বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্য ডা. এম এ মুহিত। তিনি বলেন, স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে। স্বাস্থ্যকে বাণিজ্যমুক্ত করার চেষ্টা থাকবে আমাদের।

ডা. এম এ মুহিত নতুন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব নেওয়ার পরই মঙ্গলবার রাতে দেশের এক গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দলীয় ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ‘মানুষ যেন চিকিৎসার জন্য বড় শহরে ছুটতে বাধ্য না হয়, সে ব্যবস্থাই আমরা করতে চাই। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২৯৫টিতে সম্প্রসারণের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, স্বল্পমূল্যে ওষুধ পাওয়ার অধিকার জনগণের রয়েছে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করতে চান না তিনি।

‘মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই জনগণ অল্প মূল্যে সেবা পাক,’ বলেন তিনি। এছাড়া স্বাস্থ্যখাতে সংস্কার ও সেবার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন নতুন প্রতিমন্ত্রী।

এবি/টিএ

মন্তব্য করুন