© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বার্লিন চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নীরবতার প্রতিবাদে জাভিয়ের-টিলডা

শেয়ার করুন:
বার্লিন চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নীরবতার প্রতিবাদে জাভিয়ের-টিলডা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
গাজা সংঘাত নিয়ে বার্লিন চলচ্চিত্র উৎসবের (বার্লিনেল) রহস্যময় নীরবতা এবং ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা শিল্পীদের কণ্ঠরোধ করার অভিযোগে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। টিলডা সুইন্টন, জাভিয়ের বারডেম ও পরিচালক মাইক লেই-এর মতো ৮০ জনেরও বেশি প্রভাবশালী অভিনয়শিল্পী ও নির্মাতা একটি খোলা চিঠিতে উৎসব কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন।

২০২৬ সালের বার্লিনেল চলাকালীন এই চিঠিটি প্রকাশ পাওয়ায় উৎসবের পরিবেশ এখন বেশ উত্তপ্ত।

উত্তেজনা চরমে ওঠে যখন জুরি প্রধান উইম ওয়েন্ডার্স মন্তব্য করেন যে, চলচ্চিত্র নির্মাণের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত নয় এবং শিল্পীদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত।
তার এই রাজনীতিমুক্ত শিল্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিল্পীরা। চিঠিতে তারা স্পষ্ট জানিয়েছেন, শিল্প এবং রাজনীতিকে একে অপরের থেকে আলাদা করা অসম্ভব। তারা প্রশ্ন তুলেছেন-বার্লিন যদি অতীতে ইরান বা ইউক্রেনের সংঘাত নিয়ে সরব হতে পারে, তবে গাজার ক্ষেত্রে কেন তারা নিশ্চুপ?



চিঠিতে স্বাক্ষরকারীরা বার্নিলকে তাদের নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা ৫,০০০-এর বেশি চলচ্চিত্র কর্মীর সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, যেখানে ইসরায়েলি চলচ্চিত্র কোম্পানি ও প্রতিষ্ঠানের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

শিল্পীদের অভিযোগ, গাজা ইস্যুতে নীরব থেকে উৎসব কর্তৃপক্ষ পরোক্ষভাবে এই সহিংসতায় জড়িত থাকার দায় এড়াতে পারে না।

তীব্র সমালোচনার মুখে উৎসবের প্রধান ট্রিসিয়া টাটল একটি বিবৃতি দিতে বাধ্য হন। তিনি বলেন, শিল্পীদের কাছ থেকে সব ধরনের রাজনৈতিক বিতর্কে মন্তব্য আশা করা উচিত নয়, বিশেষ করে যে বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে বিশ্বখ্যাত তারকাদের এই সরাসরি চ্যালেঞ্জ ২০২৬ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবকে এক বিশাল রাজনৈতিক সংকটের কেন্দ্রে ঠেলে দিয়েছে।

সূত্র : ভ্যারাইটি

কেএন/এসএন

মন্তব্য করুন