© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের সঙ্গে সেদিন কী কথা হয়েছিল মান্নার? মুখ খুললেন অভিনেতার স্ত্রী

শেয়ার করুন:
তারেক রহমানের সঙ্গে সেদিন কী কথা হয়েছিল মান্নার? মুখ খুললেন অভিনেতার স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
একই দিনে রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়, আর স্মৃতির পাতায় গভীর এক শূন্যতা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ১৭ ফেব্রুয়ারি। আর ঠিক এই দিনেই ২০০৮ সালে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার দাপুটে নায়ক মান্না। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলেও দর্শকের হৃদয়ে এখনো অমলিন তার উপস্থিতি। এই আবেগঘন দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে একটি পুরোনো ছবি যেখানে হাসিমুখে করমর্দন করতে দেখা যায় তারেক রহমান ও মান্নাকে। ছবিটি ঘিরে শুরু হয় নতুন আলোচনা।

ছবির রহস্য নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন প্রয়াত নায়কের স্ত্রী শেলী মান্না। তিনি জানান, ছবিটি সম্ভবত ২০০২ সালের পরের কোনো সময়ের, যখন বিএনপি ক্ষমতায়। পয়লা বৈশাখ উপলক্ষে রমনার বটমূলে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন মান্না। সেখানেই হঠাৎ দেখা হয় তারেক রহমানের সঙ্গে।

শেলী মান্নার ভাষ্য অনুযায়ী, মান্না সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, অভিনয় নিয়েই ব্যস্ত থাকতেন। তবে সেদিন তারেক রহমান অত্যন্ত আন্তরিকভাবে তার সঙ্গে কথা বলেন।



আলোচনায় উঠে আসে সিনেমা, দেশ ও সংস্কৃতি, এমনকি তারকাদের সামাজিক দায়িত্বের প্রসঙ্গও।

তিনি বলেন, যত দূর মনে পড়ে, অভিনয় নিয়ে তারেক রহমান প্রশংসা করেছিলেন। দেশ ও সংস্কৃতি নিয়ে কথা হয়েছিল। তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা করার বিষয়টিও আলোচনায় আসে। শেলী আরও জানান, তাদের পরিবারে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও ব্যক্তিগতভাবে তাঁরা রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেয়া মান্নার প্রকৃত নাম আসলাম তালুকদার। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু। পরে কাজী হায়াতের সঙ্গে একাধিক ব্যবসাসফল ছবিতে অভিনয় করে হয়ে ওঠেন ঢালিউডের শীর্ষ নায়ক। সময়ের সঙ্গে আসলাম তালুকদার নামটি মিলিয়ে যায় অমর হয়ে থাকে শুধু একটি নাম, মান্না।  

এমকে/টিএ

মন্তব্য করুন