ভিভিয়ানের সঙ্গে সম্পর্ক প্রেমের ছিল! বিবেকের সঙ্গে কিসের চাপে বিয়ে করেন নীনা?
ছবি: সংগৃহীত
০৬:৩৬ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতীয় চলচ্চিত্র জগতের প্রভাবশালী অভিনেত্রী নীনা গুপ্তার ব্যক্তিজীবনের গল্পও সমান চাঞ্চল্যকর। একাধারে মা ও সমাজের সীমাবদ্ধতার মুখোমুখি হয়ে তিনি নিজের জীবন গড়েছেন। ভিভিয়ান রিচার্ডস এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল প্রেমময়, কিন্তু বিয়ে হয়নি। এই সম্পর্কের মধ্যে নীনা একাই বড় করেছেন কন্যা মাসাবা গুপ্তাকে।
এক লম্বা একাকীত্বের সময় কাটানোর পর ২০০৮ সালে নীনা বিয়ে করেন বিবেক মেহরাকে। তবে অভিনেত্রী অকপটভাবে স্বীকার করেছেন, এই বিয়েতে প্রেমের কোনও দিক ছিল না। নীনা বলেন, “আমি মনে করি, ভালবাসা খুব কঠিন জিনিস। আমি সন্তানের প্রতি ভালবাসা ছাড়া আর কোনও ভালবাসা অনুভব করতে পারি না। তবে সমাজের নিয়ম মানতে বিয়ে প্রয়োজন ছিল।” তিনি আরও জানিয়েছেন, সমাজে একা মা হওয়ার কারণে মানুষকে তাঁর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে হতো, যা অস্বস্তিকর ছিল।

নীনার মতে, এই বিয়ের মাধ্যমে সমাজের রূঢ় দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও নরম হয়। তিনি বলেন, “যখন কোথাও যেতাম, লোকে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে দেখত। বিয়ে করে সব ঠিক হয়ে যায়। এটা দুঃখজনক, কিন্তু বাস্তব।” তাছাড়া, মাসাবা গুপ্তার দ্বিতীয় বিয়ের সময় নীনা ও ভিভিয়ান রিচার্ডস ও উপস্থিত ছিলেন, যা প্রমাণ করে অতীত সম্পর্কের প্রতি তাঁর শ্রদ্ধাশীল মনোভাব এখনও অটুট।
নিঃসন্দেহে, নীনার জীবনপথ ব্যক্তিগত স্বাধীনতা, চাপ এবং মাতৃত্বের দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার এক নিদর্শন।
পিআর/এসএন