রিলেশনশিপ নিয়ে খোলামেলা মন্তব্যে চর্চায় উষসী!
ছবি: সংগৃহীত
০৭:১৯ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী উষসী চক্রবর্তী আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। ছোট পর্দায় ‘জুন আন্টি’ চরিত্রে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পরও, রিয়েল লাইফে উষসী স্পষ্টভাষী ও স্বাধীনচেতা। জন্মদিনের এক সাক্ষাৎকারে প্রেম, কমিটমেন্ট এবং জীবনের স্বাধীনতা নিয়ে খোলাখুলি মত প্রকাশ করেছেন তিনি।
উষসী বলেন, বন্ধুত্ব হতে পারে, কিন্তু সেটাকে সম্পর্কের নাম দেওয়া বাধ্যতামূলক নয়। নিজেকে তিনি ‘কমিটমেন্ট ফোবিক’ বলতেও পিছপা হননি। দীর্ঘ ১০ বছরের একটি সম্পর্কের অভিজ্ঞতার পর এখন তিনি নিজের স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দিতে চান। তাঁর বিশ্বাস, কমিটেড হয়ে গেলে জীবনের অনেক মজা হারিয়ে যায়। এই মুহূর্তে তিনি কোনও বাধ্যবাধকতায় জড়াতে রাজি নন, বরং জীবনকে উপভোগ করতে চান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উষসীকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়। ছবিতে সেবিকার পোশাকে দেখা গেছে উষসীকে, পাশে অভিনেতা ঋষভ। অনেকেই ভেবেছিলেন বাস্তব জীবনের কোনও ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে। পরে জানা যায়, এটি আসলে পরিচালক নির্বাণ মল্লিক-এর নতুন মিনি সিরিজের অংশ। সিরিজে উষসী একজন চতুর সেবিকার চরিত্রে অভিনয় করবেন, যিনি ধনী পুরুষদের প্রেমের ফাঁদে ফেলবেন। ঋষভের চরিত্র তাকে সহায়তা করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অঙ্গনা ভট্টাচার্য ও কথা চক্রবর্তী।
উষসী আবারও প্রমাণ করলেন, ব্যক্তিগত মতাদর্শ হোক বা নতুন কাজ তিনি নিজের শর্তেই বাঁচতে ভালোবাসেন।
পিআর/এসএন