ইফতার সামগ্রী নিয়ে ফেরার পথে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত
০২:০৮ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মস্থল থেকে ইফতার সামগ্রী নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় নতুন নাহার এগ্রো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জাহেদ হাসান সুমন (২০)।
সে স্থানীয় মোহাম্মদ ইউসুফের ছেলে। এ ছাড়া গুরুতর আহত হন ইকবাল হোসেন (২৪)। সেও একই এলাকার ছলিম উদ্দিনের সন্তান। হতাহতরা স্থানীয় নাহার এগ্রো গ্রুপে চাকরিরত আছেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার সময় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সুমন। গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, সন্ধ্যায় দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ এবং একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি বলেন, সন্ধ্যায় স্থানীয় নাহার এগ্রোর একজন স্থানীয় শ্রমিক দুর্ঘটনায় নিহত ও আরেকজন আহত হওয়ার খবর পেয়েছি। হতাহতদের চাপা দেওয়া পিকআপটিকে আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরআই/টিএ