‘ভূত বাংলা’ মুক্তির আগেই বড়সড় প্রচারণায় সরব চলচ্চিত্র অঙ্গন
ছবি: সংগৃহীত
০৪:৪০ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
পুরোনো দিনের প্রচারণা কৌশলকেই যেন আবার ফিরিয়ে আনতে চলেছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও নির্মাতা প্রিয়দর্শন। তাঁদের আসন্ন ভৌতিক-হাস্যরসের ছবি ভূত বাংলা মুক্তির আগেই বড়সড় প্রচারণার পরিকল্পনায় সরব চলচ্চিত্র অঙ্গন। শোনা যাচ্ছে, ছবির একটি বিশেষ প্রচারমূলক গান প্রেক্ষাগৃহে দেখানো হতে পারে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এর প্রদর্শনের সময়, যা মুক্তি পাচ্ছে মার্চের মাঝামাঝি।
চলচ্চিত্র বাণিজ্য মহলের গুঞ্জন বলছে, ধুরন্ধর: দ্য রিভেঞ্জ ঘিরে প্রত্যাশিত দর্শকসমাগমকেই কাজে লাগাতে চাইছেন নির্মাতারা। বড় পর্দায় আগাম গান প্রদর্শনের মাধ্যমে ভূত বাংলার নাম ও সুরকে দর্শকের মনে গেঁথে দেওয়াই মূল লক্ষ্য। সংগীতনির্ভর প্রচারণার এই কৌশল একসময় ব্যাপক সফলতা পেয়েছিল ভুল ভুলাইয়া-এর শিরোনাম গানের সুবাদে। এবারও সেই স্মৃতিই যেন নতুনভাবে উসকে দিতে চাইছে দলটি।

সূত্রের দাবি, ছবির এই বিশেষ গানটি বিশাল আয়োজনে ধারণ করা হয়েছে। অক্ষয় কুমারের সঙ্গে শতাধিক নৃত্যশিল্পী, আর তার সঙ্গে ভৌতিক আবহে নির্মিত এক বিশাল প্রাসাদের সেট-সব মিলিয়ে চমকপ্রদ দৃশ্যায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংগীত পরিচালনায় রয়েছেন প্রীতম, যিনি নাকি ইতিমধ্যেই সম্ভাব্য জনপ্রিয় সুর উপহার দিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে গান সংযুক্তির বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি; ধুরন্ধর: দ্য রিভেঞ্জের প্রদর্শন শুরু হলে চূড়ান্ত সিদ্ধান্ত পরিষ্কার হতে পারে।
বহুবার তারিখ বদলের পর অবশেষে আগামী গ্রীষ্মের শুরুতেই মুক্তি নিশ্চিত করেছে ভূত বাংলা। নস্টালজিয়ার ছোঁয়া, বড় বাজেটের গানের আয়োজন আর প্রেক্ষাগৃহকেন্দ্রিক প্রচারণা-এই তিন সমীকরণে মুক্তির আগেই দর্শকের আগ্রহ জাগাতে চাইছে নির্মাতা দল। মুক্তির দিন ঘনিয়ে আসার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।
আরআই/টিএ