© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।

‎আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

‎গত বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ২২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে গত বছর থেকে এইচএসসির ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা।

‎আগের ঘোষণা অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ।

‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে মে-জুন মাসে পূর্ণাঙ্গ সিলেবাসে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে ঘোষণা এসেছে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে।
‎ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসির ফরম পূরণ করতে পারবে। তবে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা সেরিব্রাল পালসি বা বিশেষ শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি শিথিলযোগ্য।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করবে কলেজগুলো। ২৬ ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা থেকেই শিক্ষার্থীরা ১ মার্চ থেকে অনলাইনে এইচএসসির ফরম পূরণ করতে পারবে। বিলম্ব ফি ছাড়া আগামী ৯ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

‎১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সে ক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ।

‎বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৯৯৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ২ হাজার ৩৩৫ টাকা নেওয়ার কথা বলা হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে। এ ফির বাইরে কলেজগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট নিতে পারবে, তবে তা পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

এবি/টিএ

মন্তব্য করুন