সকালেও ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’
ছবি: সংগৃহীত
০৮:৫৩ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। শীতের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার কারণে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথমদিকেই থাকছে রাজধানী ঢাকা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে বাংলাদেশের ঢাকা।
শহরটির বায়ুমানের স্কোর ৩৫৫, যা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত।
স্কোর কিছুটা কম হলেও একই পরিস্থিতি পাকিস্তানের লোহেরর। দ্বিতীয় অবস্থানে থাকা শহরটির স্কোর ৩২৪।
এদিকে, তালিকার তৃতীয় অবস্থানে ভারতের দিল্লির স্কোর ২০৮। বায়ুমানের এই স্কোর খুব অস্বাস্থ্যকর। তবে দূষণের মাত্রা কিছুটা কম রয়েছে তালিকায় চতুর্থ ও সপ্তম অবস্থানে থাকা দেশটির শহর কলকাতা এবং মুম্বাই। দুটি শহরের বায়ুমানের স্কোর যথাক্রমে ১৯৩ ও ১৬১।
এছাড়া ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কাতারের দোহার, ১৬৫ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে আফগানিস্তানের কাবুল, ১৬০ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের উহান, ১৫৬ স্কোর নিয়ে নবম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন আর ১৫৫ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানববাটর।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
টিজে/এসএন