শিল্প ও বাণিজ্যমন্ত্রী / দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার
ছবি: সংগৃহীত
১২:১১ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার- এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করবে বর্তমান সরকার।
বর্তমান সরকার বিনিয়োগ বাড়াবে, এছাড়া বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরি করা হবে এবং আন্তঃদেশীয় বাণিজ্যের বৈশ্বিক স্থবিরতা কাটাতেও কাজ করবে সরকার।
এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সরকারের বাণিজ্য খাতসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
এসএন