আবারও আন্তর্জাতিক মঞ্চে আলিয়া ভাট!
ছবি: সংগৃহীত
০৪:২০ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বসেরা চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কারের মঞ্চ বাফটা অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে জায়গা করে নিয়েছে বলিউডের আলিয়া ভাটের নামও।
মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে থাকবেন কিলিয়াম মার্ফি, ব্রায়ান ক্র্যানস্টন, ডেভিড জনসন, এমিলি ওয়াটসন, এরিন ডটারি, কেট হাডসন, স্যাডি সিঙ্কসহ আরো অসংখ্য প্রখ্যাত শিল্পী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা অ্যালেন কামিং।
২২ ফেব্রুয়ারি, রবিবার, লন্ডনের জ্যোতির্ময় সন্ধ্যায় এই জমকালো আয়োজনে মিলিত হবেন বিশ্বের সেরা চলচ্চিত্র ও টেলিভিশন তারকারা।
আলিয়ার উপস্থিতি ভারতীয় সিনেমাপ্রেমীদের জন্য এক গর্বের মুহূর্ত। মাত্র কয়েক বছরের মধ্যেই এই বলিউড তারকা আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান সুপ্রতিষ্ঠিত করেছেন।

‘মেট গালা’র লাল গালিচা থেকে শুরু করে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঝলমলে মঞ্চ- প্রতিটি জায়গায় আলিয়া তার স্বকীয় স্টাইল, আত্মবিশ্বাস ও উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন। এবার বাফটার মঞ্চেও তার ফ্যাশন ও ভঙ্গিমা নিয়ে আলোচনা হবে।
প্রশ্ন উঠেছে- তিনি কি ভারতীয় ঐতিহ্যকে নতুন রূপে উপস্থাপন করবেন, নাকি পশ্চিমা গ্ল্যামারের সঙ্গে নতুন ধরনের মিশ্রণ দেখাবেন।
এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন বাফটার মঞ্চে উপস্থাপক হিসেবে আন্তর্জাতিক দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার আলিয়া ভাটও ভারতের সিনেমার প্রতিনিধিত্ব করবেন।
এসকে/টিকে