কৃতিকা-গৌরবের প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে, প্রকাশ্যে বিয়ের তারিখ
ছবি: সংগৃহীত
০৫:০৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিপাড়ায় এখন একটাই আলোচনা অভিনেত্রী কৃতিকা কামরা এবং ক্রীড়াসঞ্চালক গৌরব কাপুর কি সত্যিই মার্চেই চার হাত এক করতে চলেছেন? প্রেমের বিষয়ে আর রাখ-ঢাক নেই, প্রকাশ্যেই একে অপরের পাশে দেখা যাচ্ছে তাঁদের। আর সেই খোলামেলা সম্পর্কই যেন এবার বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিল।
অন্দরের খবর, আগামী ১১ মার্চ নাকি আইনি বিয়ের দিন ঠিক করেছেন যুগল। ঘনিষ্ঠ মহলের দাবি, সব কিছুই রাখতে চান একেবারে গোপনে। আলো ঝলমলে আয়োজন নয়, বরং পরিবার ও অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হবে আনুষ্ঠানিকতা। শোনা যাচ্ছে, গৌরবের বাড়িতেই হবে আইনি বিয়ে। পরদিন ১২ মার্চ দুই পরিবারের সদস্যদের নিয়ে হবে ছোট পরিসরের উদ্যাপন, খাওয়াদাওয়ার মধ্য দিয়ে ভাগ করে নেওয়া হবে বিশেষ মুহূর্ত।

তবে এখানেই শেষ নয়। বলিউডের পরিচিত মহলকে সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে না বলেই জানা যাচ্ছে। পরে মুম্বাইয়ে একটি প্রীতিভোজের আয়োজন করতে পারেন গৌরব। যদিও এখনও পর্যন্ত যুগলের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে ধারাবাহিক কিতনি মহাব্বাত হ্যায়-এ অভিনয়ের সময় অভিনেতা করণ কুন্দ্রা-র সঙ্গে কৃতিকার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। অন্যদিকে, ২০১৪ সালে গৌরব বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী কিরত ভট্টল-কে। সেই দাম্পত্যে ভাঙন ধরার খবর আগেই প্রকাশ্যে আসে, সম্প্রতি তাঁদের আইনি বিচ্ছেদে সিলমোহর পড়েছে বলেও জানা গেছে।
সব মিলিয়ে বলিপাড়ায় এখন অপেক্ষা একটাই কৃতিকা ও গৌরব কবে নিজেরাই জানাবেন তাঁদের জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা।
পিআর/টিকে