বিশেষ বার্তা নিয়ে ভাষা দিবসে আসছে ‘চিঠিওয়ালা’
ছবি: সংগৃহীত
০৭:২৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য তৈরি হয়েছে বিশেষ নাটক ‘চিঠিওয়ালা’।
‘চিঠিওয়ালা’ নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রশীদ হারুন।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকে দেয়া হবে এক বিশেষ বার্তা। বিদেশি সংস্কৃতির জোয়ারে গা ভাসিয়ে আধুনিক হওয়ার চেষ্টা কিভাবে আমাদেরকে ভাষা দিবসের ত্যাগ ও সংস্কৃতিকে ভুলিয়ে দিচ্ছে সেই গল্পই বলা হবে নাটকটিতে।

নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে শহরের একটি পরিবারকে ঘিরে। স্ত্রী শৈলী ও ছেলে অনিন্দ্যকে নিয়ে শহরে থাকেন অনিক। আধুনিকতার সঙ্গে খাপ খাইয়ে নিতে নানা চেষ্টা তার। ছেলেকেও পড়ান ইংরেজি মাধ্যম স্কুলে।
একদিন হঠাৎ তাদের বাড়ি বেড়াতে আসেন গ্রামের হাশেম চাচা। একটি চিঠি নিয়ে আসেন তিনি। নানা ব্যস্ততায় সেই চিঠি আর পড়া হয় না অনিকের। কিন্তু হাশেম চাচা বাড়িতে আসার পর ঘটতে থাকে নানা ঘটনা।
এরপর একদিন হাশেম চাচার আনা চিঠিটা পড়েন অনিক। চিঠিটা অনিকের মৃত বাবার বন্ধু একজন ভাষাসৈনিকের লেখা। আবেগমাখা সেই চিঠি পড়ে অনিক বুঝতে পারেন, যে স্বপ্ন নিয়ে ভাষার জন্য প্রাণ দিয়েছে দেশের মানুষ, যে স্বপ্ন নিয়ে প্রাণের বিনিময়ে তারা স্বাধীন করেছে দেশ, সেই স্বপ্ন আজ ভুলতে বসেছে অনেকে। চিঠিটি বদলে দেয় পুরো পরিবারের বোধ।
নাটকে হাশেম চাচার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, অনিক চরিত্রে আহসান হাবিব নাসিম এবং শৈলীর চরিত্রে কাজ করেছেন সুষমা সরকার।
নির্মাতা রশিদ হারুন গ্লিটজকে বলেন, “গল্পটা একটু ভিন্ন ধরনের। বসেছে। দর্শককে সেই দিকটা দেখিয়ে দিবে এই নাটকটি, আশা করছি নাটকটি সবার পছন্দ হবে।”
পিআর/টিকে