ফরিদপুরে শামা ওবায়েদ / মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই
ছবি: সংগৃহীত
০৭:৪০ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমি এখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে বসিনি। আমরা যদি টিমওয়ার্ক করতে পারি, তাহলেই ফরিদপুর জেলাকে সুন্দর রাখতে পারব। আপনারা আমাকে সহকর্মী হিসেবে বিবেচনা করবেন। বেশিরভাগের কাছেই আমার ফোন নম্বর আছে। যেকোনো সমস্যা সরাসরি আমাকে জানাতে পারেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরপ্রধানদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দ্রব্যমূল্য যাতে আর না বাড়ে, সে বিষয়ে সরকার সচেষ্ট আছে। কমার্স মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপনারা যারা গ্রাউন্ড লেভেলে আছেন, আপনাদের কোনো বিশেষ পরামর্শ থাকলে অবশ্যই দেবেন।
শামা ওবায়েদ বলেন, রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের মনে শান্তি রাখা, যাতে তারা সুন্দরভাবে রোজা পালন করতে পারে এবং ঈদ করতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজকে আমাদের সরকারের তৃতীয় দিন। যেদিন এই সরকার শপথ নিল, আল্লাহর রহমতে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পরে, এত বছরের লড়াইয়ের পরে, এত মানুষ হারানোর পরে—আমাদের ফরিদপুর অঞ্চলেও আমরা বহু মানুষ হারিয়েছি—তারপর যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো এবং নির্বাচনে যারা আমাদের সাহায্য করেছেন—আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলেই—আপনারা দেখেছেন যে কত সুন্দরভাবে নিরপেক্ষভাবে জনগণ ভোট দিতে পেরেছে।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের চোখে আঙুল দিয়ে একটি বিষয় দেখিয়ে দিয়েছেন। এই সরকার অনেক যুদ্ধের পরে, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। জনগণেরও অনেক আশা এই সরকারের ওপর। সুতরাং এটাকে হেলাফেলা করে দেখার কোনো সুযোগ নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিশেষ করে মাদক নিয়ে ঘরে বসে কথা বললে হবে না। আমাদের কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে হবে। যারা মাদক সেবন করে, তারা অনেক ক্ষেত্রে ভিকটিম। কিন্তু যারা মাদক করবারির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। শর্ট টার্মে অ্যাকশন দেখাতে হবে। পাশাপাশি লং টার্মে সামাজিক সচেতনতা চালিয়ে যেতে হবে।
শামা ওবায়েদ বলেন, রমজান মাসে সকল জনগণ দল-মত নির্বিশেষে সুন্দরভাবে রোজা ও ঈদ পালন করবে, দ্রব্যমূল্য সহনীয় থাকবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দল-মত দেখার দরকার নেই। কেউ যদি দোষী হয়—সে বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত যেই হোক—তাকে আইনের আওতায় আনবেন। এটিই আমাদের সরকারের স্ট্যান্ড। নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবেন। সরকারের পক্ষ থেকে আপনাদের পূর্ণ সহযোগিতা থাকবে।
শামা ওবায়েদ বলেন, অবকাঠামোগত সমস্যা, স্বাস্থ্য সমস্যা—সব বিষয়ই আমাদের নজরে আছে। এলাকার ভাঙ্গা রাস্তার কাজ দ্রুত শুরু করতে হবে। গ্রামেগঞ্জের রাস্তাঘাটের অবস্থাও খারাপ। সরকার নবীন, মাত্র তিন দিন হয়েছে, কিন্তু আমরা ইতোমধ্যে পরিকল্পনা করছি। আপনারাও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়গুলো অবহিত করবেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম, ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম. আলী আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান খান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব একে কিবরিয়া প্রমুখ।